মোঃ সাইদুর রহমান,আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনা জেলার আমতলী উপজেলার আঠারো গাছিয়া ইউনিয়ন পরিষদের সামনের ব্রিজের বেহাল দশার কারণে ভোগান্তি পোহাচ্ছে আঠারো গাছিয়া ইউনিয়নের শত শত কোমলমতি শিক্ষার্থীসহ এলাকাবাসী।
ব্রিজের পশ্চিম পাড় হলো আঠারো গাছিয়া ইউনিয়ন পরিষদ অপরদিক পূর্ব পাড় হলো আলগী ও পূর্ব সোনাখালী গ্রাম। এই ব্রিজটি হইলো ইউনিয়ন পরিষদ, ও কয়েক এলাকার মানুষের বাজারে আসার প্রধান সংযোগস্থল। ব্রিজটি দীর্ঘ সাতটি বছর যাবত জরাজীর্ণ অবস্থায় আছে। ব্রিজের উপর সিমেন্টের তৈরি পাটা ধসে যাওয়ায় এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে।
আঠারো গাছিয়া ইউনিয়ন পরিষদ ও সোনাখালী বাজারের বিধ্বস্ত এই ব্রিজটির একদম বিকলাবস্থা সৃষ্টি হয়েছে; যা চলাচলের একদম অযোগ্য ছিল। সীমাহীন এ দুর্ভোগে পড়েছে একটি প্রাথমিক বিদ্যালয়, দুইটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি মাদরাসার শত শত কোমলমতি শিক্ষার্থী। বিকল্প কোনো যাতায়াত পথ না থাকায়, মরণফাঁদ জেনেও পার হচ্ছেন গ্রামবাসীসহ কোমলমতি ছাত্রছাত্রীরা।
সরেজমিন পরিদর্শন কালে দেখা যায়, ব্রিজের দুইপাশ থেকে ভেঙে যাওয়াসহ উপরের সিমেন্টের তৈরি পাটাতন ধসে যাওয়ায় এ রাস্তা দিয়ে চলাচলের একমাত্র যানবাহন মোটরবাইক চলাও বন্ধ হয়ে গেছে। অনেক সময় ঝুঁকি নিয়েই মোটরসাইকেল পার হতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ছেন চালকরা। ব্রিজটির বেহাল দশা প্রায় সাত বছর যাবত।
সোনাখালী স্থানীয় বাসিন্দা মোঃ খবির হোসেন বলেন, শিশুরা ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনার শিকার হচ্ছে এবং এটা আমাদের ইউনিয়ন পরিষদে যাওয়ার প্রধান সড়ক। এই সোনাখালি বাজারে শত শত লোকজন আসা যাওয়া করে এই ব্রিজ দিয়ে এটা সংস্কার করা অতি জরুরী। বর্তমানে ব্রিজটির অবস্থা খুবই করুণ। যে কোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারেন পথচারীসহ শিক্ষার্থীরা।অথচ ব্রিজটি মেরামতের জন্য সংশ্লিষ্ট দফতরের কোনো মাথা ব্যথাই নেই। মাঝে মধ্যে শুনি টেন্ডার হয়েছে, তবে মেরামত কবে হবে জানা নেই। তিনি আরও বলেন, নির্বাচনের কিছুদিন আগে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ খোকন মৃধা সাহেব জনগণের দুর্ভোগ দেখে তিনি এটি নিজস্ব অর্থায়নে সংস্কার করে দেন তাই আমরা এখন চলাচল করতে পারছি, তবে এটি এখন আবার ঝুঁকিপূর্ণ ব্রিজে পরিণত হয়েছে। কারণ কাঠগুলো এখন আবার পুরাতন হয়ে গিয়েছে
আঠারো গাছিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব মোঃ রফিকুল ইসলাম রিপন বলেন, ইউনিয়ন পরিষদের সামনের এই ব্রিজটি খুবই গুরুত্বপূর্ণ। অল্প সময়ের মধ্যেই টেন্ডার দেয়া হবে।অচিরেই এ সমস্যা সমাধান করা হবে।
Leave a Reply