জাকির হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের বিভিন্ন স্থানে অবস্থিত কামারের দোকানগুলো টুং-টাং শব্দে মুখরিত হয়ে উঠেছে।
কোরবানীর ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কামাররা। নাওয়া-খাওয়া ভুলে গিয়ে অবিরাম কাজ করছেন তারা। আগুনের শিখায় লোহা পুড়িয়ে এসব ছুরি, দা, বটি, চাপাতি বানানো হয় পশু কোরবানীর পাশাপাশি গোস্ত কাটার জন্য এসব ব্যবহার করার জন্য।
এসব ধারালো অস্ত্র কিনতে কামারের দোকানে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ।
তবে ক্রেতাদের অভিযোগ, এ বছর এসব সরঞ্জামের দাম অনেক বেশি রাখা হচ্ছে। কামারদের সাথে কথা বলে জানা যায়, এ শিল্পের প্রধান উপকরণ লোহা, ইস্পাত ও কয়লার দাম বেড়ে যাওয়ায় কামাররা এখন বিড়ম্বনায় পড়েছেন।
সরেজমিনে গেলে, দুর থেকেই হাপড়ের হাঁসফাঁস আর হাতুড়ি পেটার শব্দ শোনা যায়। লোহায় হাতুড়ি পেটায় ছড়াচ্ছে স্ফুলিঙ্গ। সেখানে যেন নেই কোনো দিন-রাত।
অবিরাম চলছে কাজ আর কাজ।
কামারা জানান, বছরের ১১ মাসে তাদের ব্যবসা হয় এক রকম আর কোরবানীর ঈদের আগের এক মাসে ব্যবসা আরেক রকম। উপজেলার কয়েকজন কামারের সাথে কথা বলে জানা যায়, স্প্রিং লোহা (পাকা লোহা) ও কাঁচা লোহা, সাধারণত এ দুই ধরনের লোহা ব্যবহার করে এসব উপকরণ তৈরি করা হয়। স্প্রিং লোহা দিয়ে তৈরি উপকরণের মান ভালো, দামটা একটু বেশি। আর কাঁচা লোহার তৈরি উপকরণগুলোর দাম তুলনামূলকভাবে কম। ব্যবহার করা হয় এ্যাঙ্গেল, রড, স্টিং, রেল লাইনের লোহা, গাড়ির পাত ইত্যাদি।
Leave a Reply