এফ.করিম, উখিয়া,(কক্সবাজার) প্রতিনিধি।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গাদেরকে এবারের কোরবানির ঈদে ক্যাম্পের বাইরে বের হতে না দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেছে প্রশাসন। এজন্য এরই মধ্যে ক্যাম্প জুড়ে আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি জোরদার করেছে।
সম্প্রতি র্যাবসহ কয়েকটি আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রন, স্থানীয়দের রক্ষা, মানব ও মাদক পাচার প্রতিরোধে রোহিঙ্গাদের ক্যাম্প এলাকা থেকে বাইরে বের হতে দেওয়া হবে না। তারা নিজেদের মাঝে সহিংসতা সৃষ্টির পাশাপাশি চুরি, ডাকাতি ও ছিনতাইসহ স্থানীয় বাংলাদেশি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালায়। ক্যাম্পের ভিতর রোহিঙ্গাদের জঙ্গি তৎপরতা নিয়ে ও আইন-শৃঙ্খলা বাহিনী সবসময় উদ্বিগ্ন থাকে।
প্রশাসন সূত্রে আরো জানা যায়, সেখানে স্থানীয় পুলিশের পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) তিনটি ইউনিট, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছে।
কয়েকদিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর এক বৈঠকে র্যাবের পক্ষ থেকে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্যরা যাতে ক্যাম্পের বাইরে বের হয়ে নানা সমস্যার সৃষ্টি করতে না পারে সে বিষয়ে র্যাবের সার্বক্ষণিক টহল অব্যাহত থাকবে। সাদা পোশাকে ও বাড়ানো হবে এ নজরদারি।
র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সম্প্রতি রোহিঙ্গাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব-সংঘাত ও নানা অসামাজিক কার্যকলাপ বেড়ে গেছে। ক্যাম্পের ভেতরে মারামারি করছে। ক্যাম্পের বাইরে বিভিন্ন জায়গায় তারা চুরি, ডাকাতি, অপহরণ ও অসামাজিক কাজ করে।
তিনি আরো বলেন, ক্যাম্পের বাইরে গেলে তারা স্থানীয় বাংলাদেশিদের ওপর হামলা চালায় । সামান্য বিষয় নিয়ে মনোমালিন্য হলে এক পর্যায়ে স্হানীয়দের তারা অপহরণ করে নিয়ে যায় । সেজন্য র্যাবসহ সেখানে যেসব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছে তাদের সবার প্রতি প্রস্তাবনা ছিল রোহিঙ্গারা যাতে ক্যাম্পের বাইরে বেরোতে না পারে সেই পদক্ষেপ নেওয়া।
Leave a Reply