এফ.করিম,উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি।
১৬ দিন আগে চট্টগ্রামের উত্তর হালিশহর থেকে অপহৃত এক যুবককে কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে উদ্ধার করা হয়েছে।
রবিবার ( ১১ জুলাই ) রাতে র্যাব ১৫ কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির অভিযান চালিয়ে অপহৃত যুবক মো. নুরুল ইসলামকে উদ্ধার করে ।
গত ২৪ জুন সকাল ১০.৩০ ঘটিকার দিকে চট্টগ্রামের উত্তর হালিশহর থেকে অপহরণের শিকার হয়েছিল এ যুবক।
কক্সবাজার র্যাব-১৫ সুত্রে জানা যায়, চট্টগ্রামের হালিশহর থানাধীন উত্তর হালিশহর এলাকার মো. সোলাইমান ড্রাইভারের ছেলে মো. নুরুল ইসলাম(২৪) গত ২৪ জুন সকাল ১০ টায় বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি। যথাসময়ে সে বাড়ী ফিরে না আসায় তার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন তার পরিবার। কিন্তু তার মোবাইল ফোন বন্ধ পায়।
র্যাব-১৫ আরো জানায়, যুবক নুরুল ইসলাম (২৪) কে অপহরণের ৬ দিন পর তার মোবাইল ফোন থেকে তার বাবার মোবাইল ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করে অপহরণকারীরা। টাকা দিতে ব্যর্থ হলে ভিকটিমকে হত্যা করার ভয়ভীতি দেখানো হয়।
গত ৮ জুলাই অপহৃত যুবকের বাবা সোলাইমান ড্রাইভার বাদী হয়ে র্যাব-১৫ কক্সবাজার সদর দপ্তরে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের সুত্র ধরে র্যাব-১৫ উদ্ধার অভিযানে নামেন।তারা গোপনে জানতে পারেন অপহৃত যুবককে কুতুপালং ক্যাম্পে আটকে রাখা হয়েছে। পরবর্তীতে প্রযুক্তি ব্যাবহার করে সঠিক অবস্থান নিশ্চিত করে র্যাব উখিয়া কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরে ১১ জুলাই রাতে অভিযান চালায়। এ সময় ১৬ দিনপর অপহৃত নুরুল ইসলামকে অক্ষত অবস্থায় র্যাব উদ্ধার করতে সক্ষম হয়। ইতিপূর্বে অপহরণকারীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেসন্স) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, যুবক নুরুল ইসলামকে অপহরণের পরঅপহরণকারীরা তাকে উখিয়া নিয়ে এসে কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের আটকে রেখেছিল।
তারা আরো বলেন,উদ্ধার হওয়া অপহৃত নুরুল ইসলামকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply