মোঃ সজীব হাসান, আদমদিঘী( বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে প্রধানমন্ত্রীর উপহারের বরাদ্দকৃত ঘর নিচু জায়গায় নির্মাণে সামান্য বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ঘরগুলোতে থাকা কষ্টকর হয়ে পড়েছে। শুধু তাই নয় সেখানে যাতায়াতেও যেন ভোগান্তির শেষ নেই। ভুল জায়গা নির্বাচন করায় এমন ভোগান্তী পোহাতে হচ্ছে বলে ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানিয়রা। এমন পরিস্থিতিতে তরিঘড়ি করে গত সোমবার দুপুর থেকে কিছু ইট, ছাই ও বালু নিয়ে এসে এসব রাস্তায় বিছিয়ে চলাচল উপযোগী ও ঘরগুলোতে যেন পানি প্রবেশ না করে সে ব্যবস্থার চেষ্টা করেন সংশ্লীষ্টরা। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সান্তাহার তারাপুর মোড়ে নির্মিত এসব ঘর পরিদর্শন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মোঃ হুমায়ুন কবীর। কিন্তু কি কারনে পরিদর্শনে আসেন বিষয়টি তিনি পরিষ্কার করেন নি।
তবে পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর উপহারের ঘরগুলো দেখতে সেখানে আসেন। তিনি আরো জানান, যেকোন মূল্যে এসব ঘর রক্ষা করা হবে এবং সুবিধাভোগীদের নিরাপত্তার ব্যবস্থা করা হবে। এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক (ডিসি) জিয়াউল হক, আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সীমা শারমিন, উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) আমীর হোসেন, থানার ওসি জালাল উদ্দীন, সান্তাহার ইউপি চেয়ারম্যান এরশাদুল হক টুলু প্রমূখ। খোঁজ নিয়ে জানাগেছে, ‘আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার’ স্লোগানকে সামনে রেখে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাথা গোঁজার ঠাঁই পেয়েছেন উপজেলার ১০০টি অসহায় ভূমি ও গৃহহীন পরিবার। উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে সান্তাহার ইউপিতে বরাদ্দ হয় ১৪ টির। এসব ঘর অপেক্ষাকৃত নিচু জায়গায় নির্মাণের কারনে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ঘরগুলোতে থাকা কষ্টকর হয়ে পড়েছে। ফলে নানা ধরনের ভোগান্তিতে পড়েছেন এখানকার সুবিধাভোগীরা। ক্ষোভ প্রকাশ করে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা বলেন, উপজেলার সান্তাহার ইউনিয়নে বিভিন্ন স্থানে উঁচু খাস (সরকারি) জায়গা থাকলেও সংশ্লীষ্টরা মনগড়া ভাবে তারাপুর মোড়ে ঘর নির্মাণের জন্য জায়গা নির্ধারণ করেছেন। তিনি আরো জানান, সাড়াদেশে আশ্রয়ণ প্রকল্পে অনিয়ম, অর্থ আত্মসাৎ ও অবহেলায় সম্পৃক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। শুনেছি আদমদীঘি উপজেলাও সেই তালিকায় রয়েছে। সুতরাং যাদের কারনে এখানকার অসহায় সুবিধাভোগীদের ভোগান্তির সৃষ্টি হয়েছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জোড় দাবী জানাচ্ছি।
Leave a Reply