আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
ময়মনসিংহে সরকার ঘোষিত কঠোর লকডাউনে করোনা প্রতিরোধে প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর সহায়তায় সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেছেন সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহম্মেদ।মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে তিনি নগরীর টাউন হল মোড়ে আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) এর কর্তব্যরত সেনাসদস্যদের টহল পরিদর্শন ও কুশল বিনিময় করেন।
এসময় ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো.শফিকুর রেজা বিশ্বাস,ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন-অর-রশিদ ,বিজিবির সেক্টর কমান্ডার,জেলা প্রশাসক মো.এনামুল হক, পুলিশ সুপার মোহা. আহামার উজ্জামান ও র্যাবের অধিনায়কের সাথে মতবিনিময় করেন এবং করোনা পরিস্থিতির খোঁজখবর নেন।সেনাপ্রধান কোভিড-১৯ মহামারী মোকাবেলায় প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন এবং সম্মিলিতভাবে কাজ করে যাবেন বলে আশা প্রকাশ করেন।এ সময় আর্টডকের লেফটেনেন্ট জেনারেল এস এম মতিউর রহমান,ঘাটাইল সেনানিবাসের জিওসি মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন ও ময়মনসিংহ স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।উল্লেখ্য, কোভিড-১৯-এর সংক্রমণ রোধে অসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তার লক্ষ্যে ১ জুলাই থেকে দেশব্যাপী সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।এ পরিপ্রেক্ষিতে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের সেনাসদস্যরা ময়মনসিংহ জেলায় নিয়মিত টহল পরিচালনা করছেন।বাংলাদেশ সেনাবাহিনী করোনা মহামারির কারণে ক্ষতিগ্রস্ত দুস্থ পরিবারদের মাঝে নিজস্ব তহবিল থেকে খাদ্যসামগ্রী বিতরণ করছে এবং বিভিন্ন এলাকায় অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপনের মাধ্যমে চিকিৎসা প্রদান করছে।
Leave a Reply