কুমিল্লা ব্যুরো:
করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া অসচ্ছল শিক্ষকের পরিবারের পাশে তারই শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা মিলে ৭ লাখ টাকার আর্থিক সহায়তা তুলে দিলেন অসহায় শিক্ষকের পরিবারের নিকট।
গতকাল কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া ফাজিল( ডিগ্রী) মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা জাহাঙ্গীর আলমের পরিবারের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেন।
গত বছর ১৩ মে করোনা উপসর্গসহ নানা রকম শারীরিক জটিলতা নিয়ে শিক্ষক মাওলানা জাহাঙ্গীর আলম মৃত্যুবরন করেন। তিনি বরুড়া উপজেলার ১নং ভবানীপুর ইউনিয়ন রাজাপুর গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র রেখে যান।
তারঁ মৃত্যুর পর একমাত্র আয়ের উৎস বন্ধ হয়ে যাওয়ায় ৮ সদস্যের পরিবার নিয়ে সীমাহীন দুর্ভোগে পড়েন পিতা মাওলানা মোসলেম মিয়া(৭০)। ২০ বছর শিক্ষকতা জীবনে তিনি ছিলেন শিক্ষার্থীদের কাছে প্রিয়মুখ। তারঁই হাতে তৈরী হয়েছে খ্যাতনামা আলেম, ডাক্তার, ইঞ্জিনিয়ার ও আইনজীবীসহ নানা শ্রেণী পেশার মানুষ।
মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা হেলাল উদ্দিন হায়দার বলেন, সাবেক ও বর্তমান ছাত্রছাত্রীরা মিলে এই দুঃসময়ে শিক্ষকের পরিবারকে আর্থিক সহায়তা দিয়ে যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলো তা সত্যিই প্রশংসার দাবীদার। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তাঁর প্রাক্তন ছাত্র এ্যাডভোকেট জহিরুল ইসলাম, ডাঃ মুজাহিদুল ইসলাম, কামরুল ইসলাম বলেন, মাওলানা জাহাঙ্গীর আলম আমাদের প্রিয় শিক্ষক ছিলেন। দেশ-বিদেশে এখনও তাঁর হাজার হাজার ছাত্রছাত্রী রয়েছে যারা সুনামের সাথে বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন। প্রিয় শিক্ষকের পরিবারের এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের এই সহযোগিতা আগামীদিনগুলোতেও অব্যাহত থাকবে।
Leave a Reply