মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী রেজাউল করিম (৩৪) কে জেলা ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন হত্যা মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রোকেয়া বেগম এ আদেশ দেন। সন্ত্রাসী রেজাউল সদর দক্ষিন মডেল থানার শামবক্সি এলাকার বাসিন্দা।
পিবিআই সূত্রে জানা যায়, সন্ত্রাসী জোউলের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র ও মাদকসহ অন্তত ৩৬ টি মামলা রয়েছে। ২০১৮ সালের ২৬ নভেম্বর রাতে নগরীর শামবক্সি এলাকায় রেজাউলের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসী দল ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেনকে গুলি করে হত্যা করে। পরে রেজাউল ভারতে আশ্রয় নেয়। গত ১৮ জুন সে দেশে ফিরলে স্থানীয়দের সহায়তায় বিজিবি তাকে অস্ত্র-মাদকসহ গ্রেফতার করে। ২০ জুন তাকে কোতয়ালী থানায় দায়েরকৃত অস্ত্র মামলায় গত ২ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
এদিকে ছাত্রলীগ নেতা দেলোয়ার হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই কুমিল্লার পরিদর্শক মতিউর রহমান বলেন, রেজাউল দেলোয়ার হত্যা মামলার এজাহার নামীয় আসামি। হত্যাকান্ডের পর সে ভারতে পালিয়ে যায়। ওই হত্যা মামলায় গতকাল বুধবার আদালতে ১০ দিনের রিমান্ড চাইলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। তাছাড়া সদরের চৌয়ারা বাজার সংলগ্ন রিফাত হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ২/১ দিনের মধ্যে তাকে জিজ্ঞাসাবাদ করতে পিবিআই কার্যালয়ে আনা হবে। তাকে জিজ্ঞাসাবাদে দেলোয়ার হত্যা মামলার বিষয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য জানা যেতে পারে।
Leave a Reply