মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লা ৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাশেম খান। তিনি বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
এডভোকেট আবুল হাশেম খান নৌকা প্রতিকের মনোনয়ন পাওয়ায় আজ বিকেলে কুমিল্লার নিমসার এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে আনন্দ মিছিল করেছে দলীয় নেতাকর্মীরা। এলাকায় পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত এডভোকেট আবুল হাসেম খান কে মনোনয়ন দেয়ায় দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান নেতাকর্মীরা। মহাসড়কের নিমসার বাজার থেকে আনন্দ মিছিল বের হয়ে পরিহলপাড়া, কোরপাই এলাকা প্রদক্ষিণ শেষে নিমসার বাজার এসে মিষ্টি বিতরণের মাধ্যমে শেষ হয় ।
উল্লেখ্য, আইন বিচার ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক আইনমন্ত্রী এ্যাডভোকেট আবদুল মতিন খসরুর মৃত্যুতে আসনটি শূন্য হয়। প্রয়াত নেতা আবদুল মতিন খসরুর জাতীয় সংসদের ৫টি নির্বাচনে চিফ এজেন্টের দায়িত্ব পালন করেছিলেন তার অত্যন্ত ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত এড. আবুল হাসেম খান। আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেতে এই আসনে ৩৫ জন দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। আগামী ২৮ জুলাই আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
Leave a Reply