খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি তথা পার্বত্য চট্টগ্রামসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া।
বুধবার (১২ মে ২০২১) ওয়াদুদ ভূইয়ার এপিএস এ এইচ এম ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এই ঈদ শুভেচ্ছা জানান।
ওয়াদুদ ভূইয়া পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক।
প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, কারা নির্যাতিত নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং গুম – খুন ও করোনায় মৃত নেতাকর্মীদের পরিবারের প্রতি সহানুভূতি ও সহমর্মিতা জানিয়েছেন। পাশাপাশি দেশবাসীকেও করোনা দুর্যোগকালীন ঈদ শুভেচ্ছা জানিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন তিনি।
বিজ্ঞপ্তিতে ওয়াদুদ ভূইয়া অভিযোগ করে বলেন, দেশে সঠিক গণতন্ত্র ও সুশাসন নেই। ফলে সাধারণ জনগণ পদে পদে হয়রানির শিকার হচ্ছেন।
ভোট বিহীন এই সরকারের দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা নেই উল্লেখ করে এই সাবেক এমপি বলেন, মানুষ করোনাকালে সঠিক ব্যবস্থাপনার অভাবে না খেয়ে এবং চিকিৎসার অভাবে মারা যাচ্ছেন। কিন্তু অবৈধ সরকার জনগণের অধিকার হরণ করে নিজেদের আখের গোছাতে ব্যস্ত।
Leave a Reply