মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
সরকারী ঘোষনায় স্বাস্থ্যবিধি মেনে কুমিল্লা বাস টার্মিনালগুলো থেকে নিজ জেলায় বাস চলাচল শুরু হয়েছে।
গতকাল ৬ এপ্রিল বৃহস্পতিবার থেকে জেলা সদরের শাসনগাছা, জাঙ্গালিয়া, চকবাজার বাস টার্মিনালগুলো থেকে জেলার বিভিন্ন গন্তব্যে যাত্রীবাহী বাসগুলো ছেড়ে যাচ্ছে।
সকালে কুমিল্লা নগরীর শাসনগাছা বাস স্টেশনে গিয়ে দেখা যায় বিভিন্ন পরিবহনের বাসগুলোতে চড়ে যাত্রিরা গন্তব্যে যাচ্ছেন। এদিকে পরিবহন সংশ্লিষ্টরা জানালেন, স্বাস্থ্যবিধি মেনেই যাত্রী উঠানো হচ্ছে। মাস্ক ছাড়া কোন যাত্রীকে বাসে উঠানো হচ্ছেনা। দীর্ঘদিন পর বাস চলাচল শুরু হওয়ায় যাত্রী ও চালক,শ্রমিকদের মাঝে প্রাণচাঞ্চলতা ফিরে এসেছে।
সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই চলাচলের করবে বলে জানা যায়। তবে এসময় পাবলিক বাসগুলোতে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন করা হচ্ছে। এছাড়া বন্ধ রয়েছে দূরপাল্লার বাস চলাচল ।
এদিকে পরিবহন চলাচলের ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করা হয়েছে। এসব শর্তের মধ্যে রয়েছে পরিবহন সংশ্লিষ্ট সবাই এবং যাত্রীদের মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক। এছাড়া প্রতি ট্রিপের পরে পরিবহন জীবাণুমুক্ত করার শর্তও দেয়া হয়েছে। দেখা যায় প্রতিটি বাস টার্মিনালেই যাত্রীদের স্বাস্থ্যবিধি মানার জন্য মাইকিং করা হচ্ছে।
কুমিল্লা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজ ইসলাম মজুমদার বলেন, যেহেতু সরকার লকডাউনে গণপরিবহনে বিধিনিষেধ দিয়েছে তাই এক জেলা থেকে অন্য জেলায় যেতে পারবেনা তাই আমরা জেলার মধ্যেই পরিবহন চালু করেছি।
কুমিল্লা বাস মালিক সমিতির সভাপতি সালাউদ্দিন কাদের চৌধুরী জানান, আমরা সরকারি বিধিনিষেধ মেনেই গণপরিবহন চালাচ্ছি। ড্রাইভার ও হেলপারগণ মাস্ক ব্যবহার বাধ্যতামূলক ও হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। ব্লিচিং পাউডার দ্বারা গাড়ি ধৌতকরণ ও কাউন্টার থেকেই প্রতিটি যাত্রীকে মাস্ক সেবা প্রদানের মাধ্যমে গাড়ী যাত্রা শুরু হয়।
Leave a Reply