মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লা গোমতি নদীর ২ পাড়ের অবৈধ মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসন। আজ সোমবার দুপুরে জেলার সদর উপজেলার গোমতি নদীর ৩ টি স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সদর উপজেলার পালপাড়ার ভূইয়া বাড়ির ঘাটে অভিযান পরিচালনা করে ৪ টি অবৈধ ড্রেজার মেশিন, পালপাড়ার দূর্গাপুর ঘাটে ছাউনিসহ একটি বড় অবৈধ ড্রেজার মেশিন ও পালপাড়ার আড়াইওড়া ঘাটে ২ টি অবৈধ ড্রেজার মেশি নষ্ট করা হয়। ৩টি ঘাটে মোট ৭ টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।
ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশীক উন নবী ও অতীস সরকার।
স্থানীয়রা জানায়, গোমতি নদীর পালপাড়া, টিক্কারচর থেকে গোলাবাড়ি সীমান্ত পর্যন্ত ৫০টির অধিক স্থানে মাটি কাটা হচ্ছে। জোর করে কৃষকের মাটি কেটে নেয়া হচ্ছে সংরাইশ এলাকায়। বাঁধা দিতে গিয়ে উল্টো চাঁদাবাজির মামলা দেয়ার হুমকি শুনতে হচ্ছে কৃষকদের।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশীক উন নবী জানান, অভিযান পরিচালনার সময় মাটি ও বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। কাউকে জরিমানা করতে পারেনি। সরকারি সম্পত্তি ও গোমতি নদীকে রক্ষায় জেলা প্রশাসক মোঃ কামরুল হাসানের নির্দেশনায় আমাদের অভিযান চলমান থাকবে।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সাঈদ বলেন, গোমতীতে আমাদের ধারাবাহিক অভিযান চলমান রয়েছে ও থাকবে। সম্প্রতি কোভিড-১৯ প্রতিরোধে আমাদের অভিযান কিছুটা কম হলেও আবারও শুরু হয়েছে।
Leave a Reply