কাজী সামছুজ্জোহা মিলন মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ ২০ এপ্রিল ২০২১:
নওগাঁর মহাদেবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে প্রচারণা, সচেতনতা বাড়ানো এবং আবশ্যিক ভাবে মাস্কের ব্যবহার সুনিশ্চিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিটি ইউনিয়নে ওয়ার্ড ভিত্তিক করোনা প্রতিরোধে তদারকি কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার ২০ এপ্রিল গঠিত প্রতিটি করোনা প্রতিরোধে তদারকি কমিটির সদস্য করা হয়েছে ১০ সদস্য বিশিষ্ট। কমিটির সদস্যরা হলেন সংশ্লিষ্ট ওয়ার্ড এর প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক,ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
এ ব্যাপারে উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন জানান, প্রতিটি ইউনিয়নে ওয়ার্ড ভিত্তিক ৯ টি কমিটিতে ৯০ জন সদস্য সহ উপজেলার ১০ টি ইউনিয়নের ৯০ টি করোনা ভাইরাস প্রতিরোধে তদারকি কমিটিতে ৯০০ জন শিক্ষক, ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।
উপজেলা নির্বাহী অফিসার আরো বলেন, কমিটিতে স্থান পাওয়া সদস্যদের দায়িত্ব হবে তাদের নিজ নিজ এলাকার মসজিদে মসজিদে, পাড়া মহল্লায় সাধারণ মানুষদের করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন করার জন্য উদ্বুদ্ধ করা ও বিভিন্ন রকম পরামর্শ দিয়ে সচেতন করা।
করোনা ভাইরাস প্রতিরোধে শিক্ষক সহ অন্য সদস্যদের কাজ স্বচ্ছ ও সঠিক হচ্ছে কিনা উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন এসব তদারকি করবেন।
এছাড়া উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সহযোগিতায় মাস্ক বিতরণ করবেন সংশ্লিষ্ট কমিটির সদস্যরা।
করোনা ভাইরাস প্রতিরোধে তদারকি করার জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সাথে সমন্বয় করছেন উপজেলা প্রশাসনের ১০ জন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
উপজেলা নির্বাহী অফিসার আরো বলেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দায়িত্ব প্রাপ্ত ১০ জন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সার্বিক ভাবে তদারকি করবেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায়।
তিনি ১০ ইউনিয়নের করোনা ভাইরাস প্রতিরোধে তদারকি কমিটির প্রতিদিনের কার্যক্রমের তথ্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর দাখিল করবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
উপজেলা কৃষি অফিসারের তথ্যের উপর ভিত্তি করে মহাদেবপুর উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে যা যা করণীয় তার সকল কার্যক্রম বাস্তবায়ন করার জন্য নিরলস৷ ভাবে কাজ করা হবে বলেও জানান উপজেলা নির্বাহী অফিসার।
তিনি আরো বলেন করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করতে গিয়ে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের চারজন কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যে একজন বগুড়ায় একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় তিনি আরো বলেন প্রশাসন ও পরিষদের সকল কর্মকর্তা ও কর্মচারীরা ঝুঁকি নিয়েই কাজ করছেন। তিনি বলেন আসুন নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি। নিয়মিত মাস্ক ব্যবহার করি। অন্যকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করি।করোনা মুক্ত মহাদেবপুর গড়ি।
Leave a Reply