মোঃ হাবিবুর রহমান,স্টাফ রিপোর্টার নড়াইলঃ
নড়াইল আধুনিক সদর হাসপাতালের ৭০ লাখ টাকা আত্মসাতের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।শনিবার (১০ এপ্রিল) বেলা ১১টায় হাসপাতাল চত্বরে সদর উপজেলা ছাত্রলীগ এই কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন চলাকালে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং এ ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবি জানিয়ে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নিলয় রায় বাধন, সদর শাখার সাধারণ সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টু প্রমুখ।
উল্লেখ্য, নড়াইল সদর হাসপাতালে হিসাবরক্ষক হিসেবে ২০১৯ সালের ১৮ জুলাই যোগদান করেন জাহান আরা খানম লাকি। হাসপাতালের রোগী ভর্তি ফি, অপারেশান থিয়েটার, বহিঃ ও জরুরি বিভাগে চিকিৎসা ফি, এক্সরে, প্যাথলজি, আলট্রাসনো ও ব্লাড ব্যাংক, কোভিড-১৯ নমুনা সংগ্রহ ফি, অ্যাম্বুলেন্স, ইসিজি, কেবিন ও পেইন বেড ফিসহ বিভিন্ন খাতের আয়ের টাকা প্রতি মাসে একবার করে সোনালী ব্যাংক প্রধান শাখায় জমা দিতে হয়। সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়। কিন্তু বর্তমান হিসাবরক্ষক হাসপাতালে যোগদানের পর কোনো অর্থ জমা দেননি বলে অভিযোগ উঠেছে।
Leave a Reply