বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি:
যশোরে নতুন করে আরও ১৪ জনের কোভিড-১৯ নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে র্যাপিড এন্টিজেনে ১০ জন ও ল্যাবে ৪ জনের ফলাফল পজেটিভ আসে। এই নিয়ে রোববার পর্যন্ত জেলায় ৫ হাজার ২শ’ ৪৩ জন করোনায় আক্রান্ত হলেন। এদিন টিকা গ্রহণ করেছেন ৭৫ জন। এদিকে, করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ জনসচেতনতায় বিভিন্ন নির্দেশনা জারি করলেও মানা হচ্ছে না। হাসপাতাল, ক্লিনিক, সরকারি বেসরকারি অফিস, হাট বাজার কোথাও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না।
সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ জানিয়েছেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) জেনোম সেন্টার থেকে ২২ নমুনায় ২ ও খুলনা মেডিকেল কলেজ (খুমেক) ল্যাব থেকে পাঠানো ১৮ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। এছাড়া যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ২৮ রোগীর এন্টিজেন পরীক্ষায় ১০ জনের ফলাফল পজেটিভ আসে। সব মিলিয়ে ৬৮ জনের নমুনার পরীক্ষায় যশোরে ১৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তরা সকলেই যশোর সদর উপজেলার বাসিন্দা। তিনি আরও জানান, এদিন জেলায় টিকা নিয়েছেন ৭৫ জন নারী পুরুষ। এরমধ্যে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) কেন্দ্রে ২০ জন, শার্শা উপজেলায় ২৫ জন ও চৌগাছা উপজেলায় ৩০ জন। মোট টিকা গ্রহণকারী ১ লাখ ১৭ হাজার ৭ শ ৭৭ জনের মধ্যে পুরুষ ৭৫ হাজার ২শ’৮৮ জন ও মহিলা৪২ হাজার ৪শ’৮৯ জন। আগামী ৮ এপ্রিল ২য় ডোজের দেয়া দান কার্যক্রম শুরু হচ্ছে বলে নিশ্চিত করেন ডা. রেহেনেওয়াজ। এদিকে রোববার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, কয়েকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, রেজিস্ট্রি অফিসসহ এইচ এমএম রোড, বড় বাজারসহ বিভিন্ন এলাকায় দেখা গেছে মানুষ ইচ্ছামতো চলাফেরা করছেন। করোনাভাইরাস আতঙ্ক নেই তাদের মাঝে। মানুষের অসচেতনতার কারণে যশোরে প্রতিদিন করোনায় আক্রান্ত রোগী বাড়ছে। মানুষের চলাচল নিয়ন্ত্রনে আনতে জেলা প্রশাসন ৭ টি ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ১০ টি নির্দেশনা জারি করা হয়েছে। কিন্তু তাতেও মানুষকে নিয়ন্ত্রনে আনা সম্ভব হচ্ছে না। এছাড়া একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কয়েকটি টিম জনসচেতনতায় প্রচার করছেন। তাদের সামনে অনেকেই স্বাস্থ্যবিধি মেনে চলার অঙ্গিকার করলেও পরে তা ভুলে যাচ্ছেন। যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন জানিয়েছেন, ৪ মার্চ পর্যন্ত জেলায় ৩০ হাজার ৩শ’ ৯৭ জনের নমুনা পরীক্ষার ফলাফল পেয়েছি। তাতে ৫ হাজার ২শ’ ৪৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। মৃতের সংখ্যা ৭১ জন। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় জনগণ সচেতন না হলে সামনে আরও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হওয়ার আশংকা রয়েছে। ফলে স্বাস্থ্যবিধি ও সরকারের নির্দেশনা মেনে চলার আহবান সিভিল সার্জনের।
Leave a Reply