কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ)প্রতিনিধিঃ
১৪ মার্চ ২০২১
নওগাঁর মহাদেবপুরে ঐতিহ্যবাহী আত্রাই নদীর তীরে পরিত্যক্ত অবস্থায় অসংখ্য পেঁয়াজের বস্তা পড়ে থাকতে দেখা যায়।
এ ব্যাপারে আদিবাসী নেতা ও পরিবেশবিদ অসিত দাস জানান, এ পেঁয়াজের বস্তা গুলোর মধ্যে অসংখ্য ভালো পেঁয়াজ রয়েছে। কিন্তু এগুলো কেন নদীর তীরে ফেলা হয়েছে তা তিনি বলতে পারছেন না। কিছু কিছু পেঁয়াজে চারা জন্ম নিয়েছে। সেগুলো অন্য কোন জায়গায় চাষাবাদের জন্য রোপন করা হলে সেখান থেকেও গাছ হতে পারে বলেও তিনি দাবি জানান।
খোঁজ নিয়ে জানা যায় এগুলো মিশর থেকে আমদানি করেছে বাংলাদেশ সরকার। টিসিবি এর মাধ্যমে সারাদেশে স্বল্পমূল্যে খোলা বাজারে সাধারণ মানুষের মধ্যেও বিক্রয় করা হতো।
মহাদেবপুর উপজেলার টিসিবির ডিলারশিপ এর স্বত্বাধিকারী মাসুদ জানান, তিনি প্রতি সপ্তাহে ২-৩ হাজার কেজি পেঁয়াজ কিনতেন। যার প্রতি কেজির সরকারি মূল্য ছিল ১৫ টাকা।
কিন্তু এ পেঁয়াজ গুলো দীর্ঘদিন স্থায়ী না থাকায় পচে যায়। যার ফলে তার ক্রয় কৃত প্রায় ৭০০ বস্তা পচা পেঁয়াজ আত্রাই নদীতে ফেলে দেওয়া হয়। আরো যেগুলো রয়েছে সেগুলো ৮ থেকে ১০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে । কয়েকদিন পূর্বেও এর চাহিদা ছিল না । বাজারে দেশি পেঁয়াজের মূল্য ছিল ৪০ থেকে ৪৫ টাকা কেজি। তবে গত দুই তিন দিন থেকে এ পেঁয়াজের চাহিদা আবার বাড়ছে।
রবিবার ১৪ মার্চ সন্ধ্যায় উপজেলা সদরের বিভিন্ন পিয়াজ ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, খোলা বাজারে আমদানিকৃত মিশরের কোন পেঁয়াজ নেই। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা কেজি।
মাসুদ জানান, কম দামে হলেও লোকসান মেনে নিয়েই দ্রুত পেঁয়াজগুলো বিক্রি করার চেষ্টা করছেন।
পরিবেশবিদ অসিত দাস ও কুঞ্জবন বিচিত্র পাখি গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক পাখিবিদ মুনসুর সরকার জানান, একদিকে আত্রাই নদীতে পচা পেঁয়াজের বস্তা ফেলায় পরিবেশ দূষিত হচ্ছে। অপরদিকে স্বল্প দামে পেঁয়াজ বাজারে না পাওয়ায় খেটে খাওয়া দরিদ্র মানুষেরা চরম বিপাকে পড়েছে।
বাজারে পেঁয়াজ কিনতে আসা দিনমজুর আবু তাহের জানান, সারাদিনে যা আয় করেছেন তা দিয়ে দিনের সকল কেনাকাটা শেষে স্বল্পমূল্যে পেঁয়াজ কিনতে এসে দেখেন বাজারে কোন আমদানিকৃত পেঁয়াজ নেই। তিনি নিরাশ হয়ে ফিরে যান।
এদিকে সামনে পবিত্র মাহে রমজান কে রেখে নিত্যপণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে এমনটি আশা করছেন এলাকার খেটে খাওয়া দরিদ্র ও হতদরিদ্র জনগোষ্ঠীরা। ###
Leave a Reply