বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি:
কিশোরী গৃহবধূর পেটের টিউমার অস্ত্রোপচার করার সময় মিলেছে মানুষের আকৃতি। তার মাথা ভরা চুল, হাত, পা সবই আছে। বৃহস্পতিবার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ওই রোগীর অপারেশনের সময় মানুষের আকৃতি বের হয়। বিষয়টি নিশ্চিত করে অস্ত্রোপচারকারী চিকিৎসক সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এনকে আলম জানান, টিউমারের মধ্যে মানুষ আকৃতি সত্যিই বিরল। চিকিৎসা বিজ্ঞানীর ভাষায় এটাকে বলা হয় ট্যারাটোমা।
ওয়ার্ডের রিপোর্ট খাতার তথ্যানুযায়ী, গত ৮ মার্চ যশোর সদর উপজেলার নওয়াদাগা গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী রুপালী খাতুনকে (১৬) পেটে ব্যথা নিয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক নিশ্চিত হন ওই গৃহবধূর লিভারের নিচে বড় ধরণের টিউমার হয়েছে। এরপর ইউনিটের চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। ডা. এনকে আলম জানান, রুপালীকে অস্ত্রোপচারের সময় টিউমারের মধ্যে দেখা যায় মানুষের আকৃতি। এসময় অস্ত্রোপচার টিমে দায়িত্ব পালনকারীরা রীতিমতো অবাক হন। টিউমারের ভিতর থেকে মানুষের আকৃতি বের করে দেখা যায় তার মাথায় প্রচুর চুল রয়েছে। দুটো পা ও একটি হাত আছে। স্বাভাবিকভাবে মনে হচ্ছে সেটি যেনো ৪/৫ মাসের নবজাতক। তিনি আরও জানান, মানুষ আকৃতির হলেও এটি রুপালী অন্তঃসত্ত্বাজনিত সন্তান না। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় ট্যারাটোরা। তবে এটি সচারাচার দেখা যায়না। এই ধরণের অস্ত্রোপচার তার জীবনে প্রথম করলেন। তিনি কখনোই ধারণা করতে পারেননি রোগীর পেটে টিউমারের মধ্যে মানুষের আকৃতি রয়েছে। দীর্ঘ ৩ ঘন্টা সময় নিয়ে রুপালীর টিউমার অস্ত্রোপচার করা হয়েছে। টিউমারের ওজন প্রায় ১ কেজি। তিনি এখন সুস্থ।মহিলা সার্জারী ওয়ার্ডে তার চিকিৎসাসেবা চলছে। এদিকে, স্বজনরা জানিয়েছেন, ৬ মাস আগে রুপালীর বিয়ে হয়। বিয়ের আগে থেকে তার পেটে ব্যথা হতো। কিন্তু কয়েকদিন আগে থেকে ব্যাথা বাড়ে। এরপর হাসপাতালে ভর্তি করা হয়।
Leave a Reply