বিশেষ প্রতিনিধি,রংপুরঃ
রংপুরে সংবর্ধিত হলেন একুশে পদক প্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটোসাংবাদিক পাভেল রহমান।
শনিবার (৬ মার্চ) সন্ধ্যায় পাবলিক লাইব্রেরী মাঠে সংবর্ধনা দেন রংপুরের সাহিত্য,সংস্কৃতি ও নাট্য সংগঠন। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করা হয়। ভাষা শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালনের পরে গণসংগীত, আবৃতি, নৃত্য ও অনুভূতি প্রকাশ করা হয়। আয়োজকের পক্ষ থেকে পাভেল রহমান এর হাতে সংবর্ধনা ক্রেষ্ট,মানপত্র তুলে দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে পাভেল রহমান তাঁর ফটোসাংবাদিকতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার এবং ৯০ ই গণআন্দোলনসহ নানা দিক নিয়ে কথা বলেন।
তিনি বলেন, আজ আমি গর্বিত যে নিজ এলাকায় আমি সংবর্ধিত হচ্ছি। এ জন্য আপনাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। ফটোসাংবাদিকতার জীবনে আমি মানুষের আবেগ, অনুভূতি, জীবন -প্রকৃতির গল্প তুলে আনার চেষ্টা করেছি। দেশ বিদেশে কাজ করার সুযোগে আমি প্রকৃতির সাথে মিলেমিশে বাস্তব রূপ তুলে আনার চেষ্টা করেছি।
অনুষ্ঠানে সংবর্ধনা কমিটির সমন্বয়ক ডা. মফিজুল ইসলাম মান্টুর সভাপতিত্বে ও প্রফেসর মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও রংপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও ভাষা সৈনিক মোহাম্মদ আফজাল, ভাষা সৈনিক আশরাফ উদ্দীন বড়দা, আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, রংপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিউর রহমান সফি, বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন,পাভেল রহমান বঙ্গবন্ধুর দূর্লভ ছবি তুলে খ্যাতি অর্জন করেছেন। দেশের বিভিন্ন সময়কালের অনন্য সব ছবি তিনি তুলেছেন৷ কাজ করেছেন দেশ বিদেশের বিখ্যাত সব পত্রিকা ও সংবাদ সংস্থায়। পাভেল রহমান বর্তমান দেশব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার জীবন ভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী ও ‘মুজিব কর্নার’ গড়ে তোলার কাজে নিয়োজিত রয়েছেন।
Leave a Reply