মোঃ কামরুজ্জামান খাঁন পিকলু (চিতলমারী, বাগেরহাট) ঃ
সুন্দর, সাজানো বিস্তৃত চিতলমারী উপজেলা প্রশাসনিক চত্বরে প্রবেশের মুখেই রাস্তার পাশে সকলের চোখে পরবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। এটি নির্মিত হয়েছিল কয়েক বছর আগে এবং পোড়া মাটির ফলকে নির্মাণ করেছিলেন স্হানীয় শৌখিন ভাস্কর সেলিমুজ্জামান ঠান্ডা মুন্সি।
উপজেলা প্রশাসনের উদ্যোগে এবার নির্মিত হয়েছে জাতির জনকের নয়নাভিরাম অসাধারণ মূরাল। ঠিক পূর্বের ভাস্কর্যটির পেছনেই উপজেলা পাবলিক লাইব্রেরির সম্মুখে নির্মিত হয়েছে এ মুরালটি। দক্ষিণমুখী মুরালটি উপজেলা প্রশাসনিক চত্বরে প্রবেশের প্রধান ফটকের ঠিক ডান দিকে। সামনেই বিস্তৃত সবুজ চত্বর।
জাতির জনকের মুরালটি নির্মাণ করেছেন চিতলমারীর ছেলে প্রফেশনাল ভাস্কর পার্থ প্রতিম বালা, যার রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে চমৎকার সব ভাস্কর্য নির্মাণের অভিজ্ঞতা। কথা বলেছিলাম ফাইন আর্টসের সাবেক এই ছাত্রের সাথে। তিনি জানালেন, “ইতিমধ্যেই দেশের বিভিন্ন এলাকায় জাতির জনকের ভাস্কর্য বা মুরাল নির্মানের সৌভাগ্য আমার হয়েছে। তবে এ কাজটি আমি মনের মাধুরি মিশিয়ে করেছি আমার জন্মস্থানের কাজ বলেই।” ” গত কয়েকদিন অক্লান্ত পরিশ্রম করে এ মুরালটির নির্মাণ কাজ সফলভাবে সম্পন্ন করেছি। জাতির জনকের মুরাল তৈরি করতে পেরে আমি গর্বিত, ” বললেন এই তরুণ ভাস্কর।
এটা যেমন গর্বের তেমনি জাতির জনকের এ দৃষ্টিনন্দন মুরালটি উপজেলা প্রশাসনিক চত্বরের সৌন্দর্য বর্ধন করেছে কয়েক গুণ।
ঐতিহাসিক ৭ মার্চ জাতির জনকের এ প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়েই এটির আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষা এখন।
Leave a Reply