আনোয়ার সাদত জাহাঙ্গীর:ময়মনসিংহ:
ময়মনসিংহ জেলা পুলিশের জানুয়ারী মাসের মাসিক কল্যাণ সভা বুধবার পুলিশ লাইন্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।সভায় জানুয়ারী মাসে ভাল, উত্তম এবং দায়িত্বশীলতার সাথে গুরুত্বপূর্ণ কাজ করায় ৭ পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন, হালুয়াঘাট থানার ওসি মাহমুদুল হাসান,ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার ওসি শাহ কামাল আকন্দ, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমান, ডিবির এসআই পরিমল চন্দ্র সরকার, শামীম আল মামুন, কোতোয়ালী থানার এসআই শুভ্র সাহা ও মুক্তাগাছা থানার এএসআই জাহাঙ্গীর আলম।
এসময় পুলিশ সুপার আহমার উজ্জামান বলেন, পুলিশ সদস্যদের কাজের প্রতি আরো অনুপ্রাণিত ও মোটিভেশন করতে পুরস্কার প্রদান করা হচ্ছে। যে সত্যিকারে ভাল কাজ করবে তাকেই পুরস্কৃত করা হবে। ব্যক্তিগতভাবে পারফরমেন্স গড়ে বাংলাদেশ পুলিশের সম্মান ও মর্যাদা বাড়ানোর জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।
সভায় নগরীর শম্ভুগঞ্জ তিন রাস্তার মোড়ে অবৈধ ট্রাক ও পিকআপ স্ট্যান্ড উচ্ছেদ করায় ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমানকে পুরস্কৃত করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দকে কুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, খুনীদের গ্রেফতার এবং আদালতে স্বীকারোক্তি, মাদক ও চোরা চালান দমন, চোরাই পণ্য উদ্ধার করায় তাকে পুরস্কৃত করা হয়। হালুয়াঘাট থানার ওসি মাহমুদুল হাসান ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ও মামলা তদন্তে দায়িত্বশীলতার পরিচয় দেয়ায় তাকে পুরস্কৃত করা হয়েছে। ডিবির এসআই পরিমল চন্দ্র সরকার কুলেস হত্যা মামলায় দ্রুততম সময়ে আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য এবং এসআই শামীম আল মামুনকে মাদক উদ্ধারে পুরস্কৃত করা হয়েছে।তা ছাড়া কোতোয়ালী থানার এসআই শুভ্র সাহা ও মুক্তাগাছা থানার এএসআই জাহাঙ্গীর আলমকে ও পুরস্কৃত করা হয়েছে।
পুরস্কার বিতরণকালে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান মিয়া, জয়িতা শিল্পী, ফজলে রাব্বী, হাফিজুর রহমান সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন থানা ফাঁড়ির পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply