আনোয়ার সাদত জাহাঙ্গীর:ময়মনসিংহ :
ময়মনসিংহ শহরের রেজিয়া ক্লিনিকে চিকিৎসকের অবহেলায় সাত বছরের শিশু সাজ্জাদ হোসেন মৃত্যুর সাড়ে চার মাস পর কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। আজ সকালে উপজেলার ৬ নম্বর চর ঈশ্বরদিয়া ইউনিয়নের চর লক্ষীপুর গ্রামের চর লক্ষীপুর কাছিমুল উলুম মাদ্রাসার কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেনের উপস্থিতিতে এ লাশ উত্তোলন করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ইন্সপেক্টর আবুল কাশেম জানান গত বছরের ১ অক্টোবর সাজ্জাদের এপেন্ডিসাইটিসের ব্যথা হলে নগরীর চরপাড়ার ব্রাহ্মপল্লী এলাকার রেজিয়া ক্লিনিকে অপারেশ হয়। পরদিন সকালে সাজ্জাদের শারীরিক অবস্থা খারাপ হলে ক্লিনিক কর্তৃপক্ষ ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নিয়ে যেতে বলে। সেখানে সাজ্জাদকে ভর্তি করা হলে কিছুক্ষণ পরেই সে মারা যায়।
এ ঘটনায় রেজিয়া ক্লিনিকের পরিচালক মো. হাসানুজ্জামান ও তার স্ত্রী ব্যবস্থাপনা পরিচালক সাবিনা ইয়াসমিন,ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জন ডিসি বর্মণ ও এনেসথেসিয়ার চিকিৎসক টিকে সাহা এবং প্রীতি রঞ্জন রায়কে আসামী করে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দাখিল করেন নিহতের মা আনোয়ারা বেগম।
আদালত অভিযোগটি আমলে নিয়ে ১৫ ডিসেম্বর লাশ উত্তোলনের জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ দেন। গত ২ ফেব্রুয়ারী ম্যাজিস্ট্রেট নিয়োগ হলে সোমবার লাশ উত্তোলন করা হয় ময়নাতদন্তের জন্য।
লাশ দেখতে শত শত এলাকাবাসী জড়ো হয়।নিহত শিশুর মায়ের কান্নাকাটিতে হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। সুষ্ঠ বিচারে তদন্ত কাজ সম্পূর্ণ করার কথা জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।
Leave a Reply