পার্থ হাসান
পাবনা।
পাবনা পৌরসভা নির্বাচনের ফলাফল স্থগিত করে, ভোট পুনরায় গণনার আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। রবিবার দুপুরে হাইকোর্টের চেম্বার জজ এ আদেশ দেন। পাবনা সদর উপজেলা নির্বাচন কমিশনার কায়ছার মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। এ আদেশের ফলে নব নির্বাচিত পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধানের মেয়র হিসেবে শপথ ও দায়িত্ব গ্রহণে আর কোন বাধা নেই।
কায়ছার মোহাম্মদ জানান, নির্বাচনে বাতিল ভোটের বিষয়ে পুনরায় গণনার আবেদন করে গত ৫ ফেব্রুয়ারী রিট আবেদন করেন নৌকা প্রতীকের প্রার্থী আলী মর্তুজা বিশ্বাস সনি।
ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট পাবনা পৌরসভা নির্বাচনের ভোটের ফলাফলের কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করেন এবং এ সময়ের মধ্যে পুনরায় ভোট গণনার নির্দেশ দেন। পাশাপাশি এ বিষয়ে রুল জারি করেছেন আদালত। নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়।
সে আদেশের প্রেক্ষিতে আদালত প্রয়োজনীয় দলিলাদি আদালতে প্রেরণ করে বক্তব্য উপস্থাপন করলে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে ফলাফল বাতিলের পূর্বের আদেশ স্থগিত করে দেন।
আগামী ১৭ ফেব্রুয়ারী নবনির্বাচিত মেয়র শরীফ উদ্দিন প্রধানের শপথ গ্রহণের কথা রয়েছে।
গত ৩০ জানুয়ারী অনুষ্ঠিত পাবনা পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শরীফ উদ্দিন প্রধান আওয়ামীলীগ প্রার্থী আলী মর্তুজা বিশ্বাস সনিকে ১২২ ভোটের ব্যবধানে পরাজিত করে মেয়র নির্বাচিত হন।
Leave a Reply