গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সিটির সকল নাগরিকরা বিনামূল্যে করোনার রোগের টিকা পাবেন বলে মন্তব্য করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
মঙ্গলবার (১৯ জানুয়ারী) দুপুরে গাজীপুর মহানগরীর গাছা অঞ্চলীক কার্যালয়ে সিটি কর্পোরেশন আয়োজিত করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে গাজীপুর সিটি কর্পোরেশন পর্যায়ের কমিটির এক সভায় তিনি সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন।
মেয়র বলেন, সিটির নাগরিকরা যাতে বিনামূল্যে করোনার টিকা পান সে লক্ষে মনিটরিং সেলের অফিস ২৪ ঘন্টা খোলা রাখা হবে। পর্যায়ক্রমে ধাপে ধাপে সিটির সকল নাগরিকদের টিকার আওতায় আনা হবে। নাগরিকরা যেন ভ্যাকসিন বাবদ কোন ব্যক্তির মাধ্যমে কোন অৰ্থ লেনদেন না করেন সে জন্য তাদের সচেতন থাকার অনুরোধ করেন মেয়র জাহাঙ্গীর আলম।
এ সময় গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তাসহ গাজীপুর সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply