মোঃ কামরুজ্জামান খাঁন পিকলু ( চিতলমারী, বাগেরহাট)ঃ
চিতলমারী উপজেলার নালুয়া-বড়গুনী সড়কে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। ফলে ভাঙ্গন কবলিত ওই এলাকায় যানবহন চলাচলে চরম বিঘ্ন ঘটছে এবং কমপক্ষে ২০ গ্রামের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে। স্থানীয়দের দাবি কতিপয় অসাধু বালু ব্যবসায়ী ও খাল খননে পানি সেচের কারনে এ দুরবস্থার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় উপজেলা প্রশাসন ৩টি বালু উত্তোলনের ড্রেজার মেশিন আটকসহ কড়া পদক্ষেপ গ্রহণ করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের ৩৬/১ প্রজেক্টের আওতায় প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে চিতলমারী সদর বাজারের ত্রি-মোহনা থেকে (বড়গুনি) মধুমতি নদী পর্যন্ত সাড়ে ১২ কিলোমিটার হক ক্যানেলের পুনখনন কাজ শুরু হয়েছে। ওই ক্যানেলের পাড় ঘেষা এলজিইডি’র আওতাধীন নালুয়া গ্রোথ সেন্টার থেকে বড়গুনি বাজার পর্যন্ত ৫ কিলোমিটার পাঁকা সড়ক রয়েছে। ক্যানেল খননের শুরুতেই পানি সেচ দেওয়ার সাথে সাথে ওই রাস্তার ১৫০ ফুট কার্পেটিংসহ নদীগর্ভে বিলিন হতে বসেছে। এতে ভাঙ্গন কবলিত ওই এলাকায় যানবহন চলাচলে চরম বিঘ্ন ঘটছে এবং যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের কোনো দূর্ঘটনা।
চিতলমারী এলজিইডি’র সহকারি উপ প্রকৌশলী মোঃ রাশেদ্দুজ্জামান খান বলেন, পাঁকা সড়কটির ভাঙ্গন কবলিত এলাকার খোঁজ-খবর নেওয়া হয়েছে।
চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম খবর পেয়ে (১৫ ডিসেম্বর) সকালে ঘটনান্থল পরিদর্শন করেন এবং তিনটি বালু উত্তোলনের অবৈধ ড্রেজার মেশিন জব্দ করেন। তিনি বলেন, ঠিকাদার প্রতিষ্ঠান ও বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের সাথেও যোগাযোগ করছি। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
Leave a Reply