ময়মনসিংহের ত্রিশালে ২৬ অক্টোবর দুপুরে ভূমি সেবা সহজীকরণ এবং মানুষের দোরগোড়ায় ভূমি সেবা পৌছে দেয়ার লক্ষ্যে উপজেলা ভূমি অফিস, ত্রিশাল কর্তৃক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার এর উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জানা যায় জেলা প্রশাসক, ময়মনসিংহ মোঃ মিজানুর রহমান নির্দেশে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশালের উপজেলা নির্বাহি অফিসার জনাব মোস্তাফিজুর রহমান ।
সহকারী কমিশনার (ভূমি), ত্রিশাল জনাব মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ মতবিনিময় সভায় ত্রিশালের ১২ টি ইউনিয়ন এর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ এবং ইউডিসি উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন। ইউনিয়ন পর্যায়ে জনগণকে সহজে ভূমি সেবা প্রদানের লক্ষ্যে সকলকে নির্দেশনা প্রদান করা হয়। ইউনিয়ন ডিজিটাল সেন্টারে গিয়ে যেন সেবা প্রত্যাশীরা সহজেই জমির খতিয়ান, নকশা ও নামজারি করার আবেদন করতে পারে সে ব্যাপারে সবাইকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়। সকল ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদে এ সম্পর্কিত ব্যানার প্রদর্শন ও প্রচার করার জন্য নির্দেশ দেয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মোস্তাফিজুর রহমান বলেন, ভূমি সেবা ডিজিটাল হচ্ছে। মানুষ ঘরে বসে বা ইউনিয়নে বসেই এখন ভূমি সম্পর্কিত অনেক সেবা পাচ্ছে। সেবার মনোভাব নিয়ে কাজ করলে মানুষ অনেক সহজে এবং হয়রানি মুক্ত ভূমি সেবা পাবে।
সভায় সহকারী কমিশনার (ভূমি), “ই-মিউটেশন” কার্যক্রমের জন্য ভূমি মন্ত্রণালয়ের “জাতিসংঘ পাবলিক সার্ভিস পদক” লাভ করায় সকল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং একই সাথে এ সাফল্য ধরে রাখার জন্য সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে অনুরোধ করেন।
Leave a Reply