ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর বাজারে শুক্রবার দিনগত রাতে ৬ দোকানে চুরি হয়েছে। চুরির ঘটনায় পুলিশ বাজারের ৮ নৈশপ্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
সাতৈর বাজার বণিক সমিতির সভাপতি সৈযদ সাহিদুর রহমান সজল বলেন, বাজারের সাজেদা সুপার মার্কেটের একটি ফার্মেসী, একটি তৈরী পোষাকের দোকান ও চারটি মুদি দোকানে চুরি হয়েছে। ঘরের চালের টিন কেটে চোর ঘরে ঢুকে। ওষুধের দোকানের সিসি ক্যামেরায় চোরের চেহারা দেখা গেলেও তাকে চেনা যায়নি।
মার্কেটের মালিক সৈয়দ টুটুল এবং ব্যবসায়ীরা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জিজ্ঞাসাবাদের জন্য বাজারের ৮জন নৈশ প্রহরীকে থানায় আনা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। একই বাজারের বার বার এরকম চুরি সংঘটিত হচ্ছে কেন জানতে চাইলে তিনি বলেন, ওইখানে নেতা বেশি। গ্রুপিং আছে। দ্বন্দের কারণেও চুরির ঘটনা ঘটতে পারে।
উল্লেখ্য সাতৈর বাজারে একেরপর এক চুরি হলেও কোন সমাধান হচ্ছেনা। এর আগে বাজারের ওয়ালটন শো-রুমসহ একাধিকবার চুরি সংঘটিত হয়।
Leave a Reply