ডেস্ক রিপোর্ট:
রাজধানীর মালিবাগ, মহাখালী, আগারগাঁও ও যাত্রাবাড়ীতে পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিভিন্ন সময়ে এসব বিস্ফোরণ ঘটে। যাত্রাবাড়ীর ঘটনায় একজন রিকশাচালক আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। অন্য এলাকাগুলোতে হতাহতের খবর পাওয়া যায়নি।
বিকেলের দিকে মালিবাগ রেলগেটসংলগ্ন ফরচুন শপিং মলের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। পুলিশ জানিয়েছে, ককটেল দুটি মালিবাগ ফ্লাইওভার থেকে ছোড়া হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সন্ধ্যার দিকে মহাখালী এলাকায় পরপর দুটি বিস্ফোরণের খবর পাওয়া যায়। প্রায় একই সময়ে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনসংলগ্ন সড়কেও বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে আগারগাঁওয়ের ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম।
রাত ৭টা ৪০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটে। যাত্রাবাড়ী থানার ওসির ভাষ্য অনুযায়ী, সেখানে চার থেকে পাঁচটি ককটেল বিস্ফোরিত হয় এবং একজন রিকশাচালক আহত হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ককটেলগুলো যাত্রাবাড়ী ফ্লাইওভার থেকে ছোড়া হয়ে থাকতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি নিশ্চিত নয়।
কারা এসব ঘটনার সঙ্গে জড়িত এবং কী উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
Leave a Reply