সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

ব্রাজিলের প্রতিনিধি দলের ঢাকার জাতীয় স্টেডিয়াম পরিদর্শন

ব্রাজিলের প্রতিনিধি দলের ঢাকার জাতীয় স্টেডিয়াম পরিদর্শন

ডেস্ক রিপোর্ট:

আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামার কথা রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। সেই ম্যাচকে সামনে রেখে কলকাতার মাঠ পরিদর্শনের পর এবার ঢাকার জাতীয় স্টেডিয়াম ঘুরে দেখেছে ব্রাজিলের একটি প্রতিনিধি দল।

রোববার (২৩ আগস্ট) বিকেল ৩টার দিকে জাতীয় স্টেডিয়ামে প্রবেশ করেন ব্রাজিলের প্রতিনিধিরা। এ সময় তারা মাঠের ঘাস, ড্রেনেজ ব্যবস্থা, পানি দেওয়ার পদ্ধতি, ড্রেসিংরুম, মিডিয়া বক্স ও গ্যালারি ঘুরে দেখেন। এমনকি ডাগআউট ও গ্যালারির চেয়ারে বসেও স্টেডিয়ামের বিভিন্ন সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করেন।

ভবিষ্যতে বাংলাদেশের বিপক্ষে কিংবা অন্য কোনো দেশের ম্যাচে ঢাকার জাতীয় স্টেডিয়ামকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করা যায় কি না, তা যাচাই করতেই মূলত তাদের এই পরিদর্শন বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাফুফের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, ব্রাজিলের প্রতিনিধি দল জানিয়েছে, অন্য কোনো দেশের বিপক্ষে ম্যাচ হলে ঢাকার এই মাঠকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে বিবেচনা করতে পারে তারা। বাংলাদেশের বিপক্ষেও ম্যাচ আয়োজনের সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে জানাবে ব্রাজিল।

তিনি জানান, প্রতিনিধি দলের সদস্যরা মাঠের বর্তমান অবস্থা খুঁটিয়ে দেখেছেন। ড্রেনেজ ব্যবস্থা, পানি সরবরাহ এবং ঘাসের মান পর্যালোচনার পাশাপাশি মাঠ রক্ষণাবেক্ষণের সঙ্গে যুক্ত কর্মীদের সঙ্গেও কথা বলেছেন তারা। মাঠ আরও প্রস্তুত করার পর প্রয়োজনে প্রতিনিধি দলটি আবারও ঢাকায় আসতে পারে।

৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিল জাতীয় দল ঢাকায় এসে অনুশীলন করবে কি না, সে বিষয়ে প্রতিনিধি দলটি এখনো কিছু জানায়নি। মাঠ ও স্টেডিয়ামের সার্বিক পরিবেশ পর্যালোচনা করে তারা বিষয়টি ব্রাজিল ফুটবল ফেডারেশনকে জানাবে।

ইকবাল হোসেন আরও বলেন, বাফুফে সভাপতির সঙ্গে ব্রাজিলের প্রতিনিধিদের বৈঠকের পর বিষয়টি আরও পরিষ্কার হবে। বৈঠকের পর ঢাকায় ব্রাজিলের অনুশীলন কিংবা ভবিষ্যতে ম্যাচ আয়োজনের সম্ভাবনা নিয়ে বিস্তারিত জানা যাবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com