স্টাফ রিপোর্টার-
পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের ফলে পুলিশের কাছে জনগণের প্রত্যাশার মাত্রা বেড়েছে
বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের “ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ” চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
আইজিপি রবিবার (৩ মার্চ ) সকালে পুলিশ সপ্তাহ ২০২৪-এর শেষ দিনের প্রথম অধিবেশনে আইজিপির সাথে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণের সম্মেলনে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।
পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী জনআস্থা অর্জনের লক্ষ্যে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।
পুলিশ প্রধান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশের অন্যতম অভিযাত্রী বাংলাদেশ পুলিশ। তথ্যপ্রযুক্তি জ্ঞানসমৃদ্ধ স্মার্ট পুলিশ গড়ে তোলার লক্ষ্যে সকল পুলিশ সদস্যকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, সকল ধরনের চাঁদাবাজি বন্ধে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। চাঁদাবাজি বন্ধে পুলিশের সকল ইউনিটের সদস্যদের নিষ্ঠার সাথে যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে।
এসময় বাংলাদেশ পুলিশের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আইজিপি স্পর্শকাতর মামলার সাজা নিশ্চিত করার জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন। এছাড়া বর্তমানে মামলার সাজার হার বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোঃ কামরুল আহসান। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ও এ সম্মেলন সংক্রান্ত উপ-কমিটির সভাপতি মোঃ আতিকুল ইসলাম।
র্যাব মহাপরিচালক এম. খুরশীদ হোসেন, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মোঃ মনিরুল ইসলামসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
Leave a Reply