নিজস্ব প্রতিবেদক,ঢাকা
গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সহিংসতা ও চলমান অবরোধে ১৩ নভেম্বর পর্যন্ত সারাদেশে ১৫৪টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক ঘটনা রাজধানী ঢাকায়। কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি সিলেট বিভাগে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের পরিসংখ্যানে দেখা যায়, দেশে ২৫টি জেলায় যাত্রাবাহী বাসসহ বিভিন্ন পরিবহনে ও কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঢাকার পরে সবচেয়ে বেশি আগুন দেওয়ার ঘটনা ঘটেছে গাজীপুরে। ওই জেলায় গত ১৭ দিনে গড়ে ৫টি করে আগুনের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ৫ জন। এরমধ্যে ফায়ার সার্ভিসের গাড়ি ও কর্মীরা রয়েছেন।
তালহা বিন জসিম বলেন, গত ২৮ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সারাদেশে মোট ১৫৪টি আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এরমধ্যে ২৮ অক্টোবর ২৯টি, ২৯ অক্টোবর ১৯টি, ৩০ অক্টোবর ১টি, ৩১ অক্টোবর ১১টি, ১ নভেম্বর ১৪টি, ২ নভেম্বর ৭টি, ৪ নভেম্বর ৬টি, ৫ নভেম্বর ১৩টি, ৬ নভেম্বর ১৩টি, ৭ নভেম্বর ২টি, ৮ নভেম্বর ৯টি, ৯ নভেম্বর ৭টি, ১০ নভেম্বর ২টি, ১১ নভেম্বর ৭টি, ১২ নভেম্বর ৭টি ও ১৩ নভেম্বর ৭টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
২৮ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাসের সংখ্যা ৯৪টি, মাইক্রোবাস ৩টি, প্রাইভেটকার ২টি, মোটরসাইকেল ৮টি, ট্রাক ১৩টি, কাভার্ডভ্যান ৮টি, অ্যাম্বুলেন্স ১টি, পিকআপ ২টি, সিএনজি ২টি, নছিমন ১টি, লেগুনা ১টি, ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়ি ১টি, পুলিশের গাড়ি ১টি, বিএনপি অফিস ৫টি, আওয়ামী লীগ অফিস ১টি, পুলিশ বক্স ১টি, কাউন্সিলর অফিস ১টি, বিদ্যুৎ অফিস ২টি, বাস কাউন্টার ১টি, শোরুম ২টি পুড়ে যায়।
অপরদিকে দেখা গেছে, ২৮ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সবচেয়ে বেশি আগুনের ঘটনা ঘটেছে রাজধানী ঢাকায়। এছাড়া দেশের ২৫টি জেলায় আগুনের ঘটনা ঘটে। বাকি ৩৯ জেলায় আগুনের কোনো খবর পাওয়া যায়নি। সিলেট বিভাগ ছাড়া অন্য সব বিভাগেই আগুনে খবর পাওয়া গেছে।
ফায়ার সার্ভিসের পরিসংখ্যান অনুযায়ী, রাজধানী ঢাকায় সবচেয়ে বেশি ৮২টি আগুনের খবর পেয়েছে ফায়ার সার্ভিস। এছাড়া ঢাকা বিভাগে ৩৪টি, চট্টগ্রাম বিভাগে ১৪টি, রাজশাহী বিভাগে ৯টি, বরিশাল বিভাগে ৬টি, রংপুর বিভাগে ৬টি, খুলনা বিভাগে ২টি, ময়মনসিংহ বিভাগে ১টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এদিকে জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, গাজীপুর জেলায় সবচেয়ে বেশি আগুনের ঘটনা ঘটেছে। গাজীপুরে ১৫টি, চট্টগ্রামে ৮টি, নারায়ণগঞ্জ ৬টি, বগুড়া ৫টি, মানিকগঞ্জ ৪টি, ফরিদপুর ৪টি, লালমনিরহাট ৪টি করে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।
পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, দিনের বেলা থেকে রাতে (সন্ধ্যা ৬টা-সকাল ৬টা) অগ্নিকাণ্ডের ঘটনা বেশি ঘটেছে। ২৮ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত দিনে ৬১টি ও রাতে ৯৩টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আরও দেখা যায়, ফায়ার সার্ভিস কর্তৃক অগ্নি নির্বাপণ কার্যক্রমে সারাদেশে ৫ জন (ফায়ার সার্ভিস ২+৩ সাধারণ) আহত উদ্ধার করা হয়। নিহতের কোন ঘটনা ঘটেনি। আহত ৫ জনের মধ্যে ফায়ার সার্ভিসের একজন অফিসার ও ড্রাইভার আহত রয়েছে। ২৮ অক্টোবর রাজধানীর শাহজাহানপুরে অগ্নি নির্বাপণ করার সময় বিএনপির নেতা-কর্মীরা ফায়ার সার্ভিসের কর্মীদের মারধর করে। এসময় ফায়ার সার্ভিসের একটি পানিবাহী গাড়ি পুড়িয়ে দেওয়া হয়।
Leave a Reply