ডেস্ক রিপোর্ট-
বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধ কর্মসূচির শেষ দিন সোমবারও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গাড়িতে আগুন, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাজধানীতে আগুন দেওয়া হয়েছে তিনটি বাসে। ঢাকার বাইরে অন্যান্য স্থানে চারটি বাসসহ সাতটি গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া একটি কাভার্ডভ্যান ভাঙচুর করা হয়। এসব ঘটনায় কেউ হতাহত না হলেও আতঙ্কে ছিলেন সাধারণ মানুষ।
জানা গেছে, বিএনপি-জামায়াতের দ্বিতীয় দফা অবরোধ কর্মসূচির দুই দিনে রাজধানীতে মোট ১৬টি গাড়িতে আগুন দেওয়া হয়। এর মধ্যে প্রথম দিন আগুন দেওয়া হয় ৯টি বাসসহ ১৩ গাড়িতে। পরদিন দুপুর ২টায় গুলিস্তান হল মার্কেটের সামনে বিকল্প অটো সার্ভিস পরিবহনের বাসে আগুন দেওয়া হয়। এরপর বিকেল সাড়ে ৫টায় মিরপুর ১০-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি দ্বিতল বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত পৌনে ৯টায় খিলক্ষেত ফ্লাইওভারের পাশে আকাশ পরিবহনের বাসে আগুন দেওয়া হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ২৮ অক্টোবর থেকে সোমবার পর্যন্ত সারাদেশে ১১০টি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
এদিকে সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের নিচতলার ১১০৬ নম্বর শৌচাগার থেকে দুটি ককটেল উদ্ধার করে ডিএমপির সিটিটিসি ইউনিট। এ বিষয়ে ঢাবির প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান বলেন, কে বা কারা ককটেল রেখেছিল, তা জানা যায়নি।
Leave a Reply