নিজস্ব প্রতিবেদক
২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও অংশ উদ্বোধনের পর থেকেই যানজটের এ নগরে মেট্রোরেল এনেছে এক চিলতে স্বস্তি। তবে যানটির পূর্ণ সুবিধা পেতে নগরবাসীকে অপেক্ষা করতে হলো আরও ১০ মাস।
শনিবার (৪ নভেম্বর) উদ্বোধন হয়েছে মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ। এরপর আজ (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় উত্তরা উত্তর থেকে প্রথম ট্রেন ছেড়ে যায়।
সরেজমিনে দেখা যায়, উত্তরা থেকে ছেড়ে যাওয়া ট্রেনটি ছিল যাত্রীতে পূর্ণ। মিরপুর ১১ ও ১০ নম্বর স্টেশনে পৌছার আগেই ট্রেনের বগিগুলোতে যাত্রীদের ঠাসাঠাসি করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অপরদিকে মতিঝিল স্টেশনে ছিল যাত্রীদের উপচে পরা ভিড়।
দেশের প্রথম এই মেট্রোরেলের দৈর্ঘ্য ২১ দশমিক ২৬ কিলোমিটার এবং ১৭টি স্টেশনবিশিষ্ট। ১১ মাস আগে গত বছর ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের উদ্বোধন করেন। এখন শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেট্রোরেল নিয়মিত চলাচল করছে। মতিঝিল অংশ আগামীকাল রোববার থেকে যাত্রীদের জন্য চালু হবে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিটিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানান, শুক্রবার ব্যতীত প্রতিদিন মেট্রোরেল মতিঝিল থেকে উত্তরার মধ্যে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে ১০ মিনিট পরপর। মতিঝিল থেকে আগারগাঁওয়ের মধ্যে বাংলাদেশ সচিবালয় এবং ফার্মগেট স্টেশনে ট্রেন থামবে। বেলা সাড়ে ১১টার পর থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে রাত সাড়ে ৮টা পর্যন্ত।
এই অংশে প্রথম তিনটি স্টেশন চালু হচ্ছে। আগারগাঁও থেকে ফার্মগেট, বাংলাদেশ সচিবালয় হয়ে মতিঝিল গিয়ে থামবে। তারপর আগামী দুই মাসের মধ্যে একে একে চালু হবে শাহবাগ, কারওয়ান বাজার ও বিজয় সরণি স্টেশন।
বর্তমান আগারগাঁও রুটে রাত ৮টার পরে যাদের এমআরটি বা র্যাপিড পাস রয়েছে তাঁরা রাত সাড়ে ৮টা পর্যন্ত চলাচল করতে পারবেন। কিন্তু যেসব যাত্রী স্টেশন থেকে একক টিকিট কাটবেন, তাঁরা রাত ৮টা পর্যন্তই সর্বশেষ মেট্রোরেলে চড়তে পারবেন।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, নির্মাণ ও আনুষঙ্গিক কিছু কাজ বাকি থাকায় পুরোদমে চালু হতে আরও কিছু সময় লাগবে। বর্তমানে আগারগাঁও রুটে প্রতিদিন গড়ে ৯০ হাজার যাত্রী যাতায়াত করেন। মতিঝিল-কমলাপুর পর্যন্ত পুরোদমে চালু হলে প্রতি ঘণ্টায় ৬০ হাজার এবং প্রতিদিন ৬ লাখ ৭৭ হাজার যাত্রী যাতায়াত করতে পারবেন এই ট্রেনে।
২০১৩ সালে জাইকার সঙ্গে এই প্রকল্পের ঋণচুক্তি করে সরকার। ২০১৬ সালের ২৬ জুন এমআরটি লাইন-৬-এর নির্মাণকাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৭ সালের ২ আগস্ট উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১২ কিলোমিটারের উড়ালপথ ও স্টেশন নির্মাণ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
Leave a Reply