নিজস্ব প্রতিবেদক
ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিনে শরণার্থী শিবিরে ইসরায়েলি সামরিক বাহিনীর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (৪ জুলাই) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
এতে বলা হয়, ফিলিস্তিনিদের বিরুদ্ধে বারবার ইসরায়েলি হামলা ও দখলদারিত্বকে জোরালোভাবে প্রত্যাখ্যান করছে বাংলাদেশ। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগ ও নির্বিচার হামলায় বহু বেসামরিক মানুষের প্রাণহানি ঘটছে।
‘ইসরায়েলি বাহিনী বারবার সভ্যতার সব নিয়ম-কানুন, আন্তর্জাতিক মানবাধিকার আইন ও চুক্তি লঙ্ঘন করায় গভীর উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশ। এসব হামলা বন্ধ ও মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া পুনরুজ্জীবনে আন্তর্জাতিক চেষ্টার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে ঢাকা।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘একটি সার্বভৌম ও স্বাধীন মাতৃভূমিতে ফিলিস্তিনিদের অনস্বীকার্য অধিকারের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত রয়েছে। দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করছে বাংলাদেশ।’ একইসঙ্গে সংলাপ ও কূটনৈতিক উপায়ে ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধানে সব পক্ষকে কাজ করতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ আগ্রাসনে এ পর্যন্ত ৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিকেরও বেশি।
এদিকে, জেনিনে ইসরায়েলি সেনাবাহিনীর চলমান অভিযানের প্রতিবাদে দখলকৃত পশ্চিমতীরে ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এ ধর্মঘটে পশ্চিম তীরের দোকানপাট ও অফিস বন্ধ রয়েছে।
বা বু ম / অ জি
Leave a Reply