ডেস্ক নিউজঃ
দেশে প্রথমবার কলাগাছের তন্তু থেকে তৈরি সুতা দিয়ে বানানো হয়েছে দৃষ্টিনন্দন শাড়ি। বান্দরবানে ভিন্ন ধরনের এই শাড়ি তৈরি করে সাড়া ফেলে দিয়েছেন পাহাড়ী ক’জন নারী। জেলা প্রশাসনের এই প্রকল্পে কলাগাছের সুতা দিয়ে অন্যান্য সামগ্রী তৈরি হয়েছে আগেই। দীর্ঘদিনের চেষ্টায় এবার শাড়ি তৈরির কাজ সফল হওয়ায় খুশি উদ্যোক্তারা। শিগগিরই বাণিজ্যিকভাবে শাড়ি তৈরির আশা করছেন তারা।
এই শাড়িটি দেখতে জামদানি শাড়ির মতো হলেও এটা সম্পূর্ণ নতুন এক উপাদানে বানানো হয়েছে। কলাগাছের তন্তু থেকে তৈরি সুতায় বোনা শাড়ি এটি, যা দেশে এই প্রথম।
কলাগাছ থেকে তৈরি সুতা দিয়ে ব্যাগ, জুতা, ফাইল, পাপোস, কলমদানিসহ বিভিন্ন ধরনের পণ্য তৈরি হচ্ছে বেশ আগে থেকেই। তবে এই সুতায় বান্দরবানে প্রথম তৈরি করা হয়েছে শাড়ি। বান্দরবানের জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের একটি পরীক্ষামূলক প্রকল্পের আওতায় কলাগাছের তন্তু থেকে তৈরি সুতায় শাড়ি বুনন বেশ আলোড়ন ফেলেছে। মণিপুরী তাঁতশিল্পী রাধাবতী সাধারণ তাঁতে ১৫ দিনে এই শাড়িটি তৈরি করেছেন।
দীর্ঘদিন ধরে পাহাড়ের বনজ সম্পদের ব্যবহার ও নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে নারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কলাগাছের সুতা থেকে শাড়ি তৈরির প্রশিক্ষণ পেয়ে খুশি উদ্যোক্তা ও প্রশিক্ষণার্থী।
শিগগিরই কলাগাছের সুতা দিয়ে বাণিজ্যিকভাবে শাড়ি উৎপাদনের পরিকল্পনা আছে বলে জানালেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আতিয়া চৌধুরী।
জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরিজি জানান, এটা তার স্বপ্নের প্রকল্প। কলা গাছের সুতা থেকে শাড়ি তৈরির এই কার্যক্রম বান্দরবানের বাইরেও ছড়িয়ে দিতে চান তিনি।
পাহাড়ের নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ২০২১ সালে বান্দরবানের বিভিন্ন পাড়ায় কলাগাছ থেকে সুতা তৈরির এই প্রকল্প গ্রহণ করা হয়।
Leave a Reply