ডেস্ক নিউজ:
আগামী ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের লক্ষ্যে শহীদ মিনারে ফুল দিতে গেলে লাগবে করোনা টিকার সনদ। পরিধান করতে হবে মাস্ক।আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অমর একুশে উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটি এবং বিভিন্ন উপ-কমিটির যৌথ সভাতে এ তথ্য জানানো হয়।
অধ্যাপক আখতারুজ্জামান বলেন, শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর উদ্দেশে আগত সবার টিকা সনদ থাকতে হবে। যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ, সামাজিক দূরত্ব বজায় ও মাস্ক পরিধান করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রেখে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ পালনে সংশ্লিষ্ট সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামাজিক দূরত্ব বজায় রেখে ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি সংগঠন বা প্রতিষ্ঠানের পক্ষে সর্বোচ্চ ৫ জন প্রতিনিধি শহীদ মিনারে ফুল দিকে পারবেন। এছাড়া ব্যক্তি পর্যায়ে একসঙ্গে সর্বোচ্চ দুজন ফুল দিতে পারবেন।
সভায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের উদ্দেশে অমর একুশে উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন করা হয়। এতে আইন অনুষদের ডিন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহকে সমন্বয়কারী, সমিতির সহসভাপতি অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়াকে যুগ্ম সমন্বয়কারী এবং প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীকে সদস্য সচিব করা হয়েছে। কেন্দ্রীয় সমন্বয় কমিটি ছাড়াও বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে।
Leave a Reply